রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: করোনা মহামারি থাকার কারণে গত বছর কঠোর বিধিনিষেধের মধ্যে সময় কাটাতে হয়েছে প্রবাসীদের। যার কারণে অনেকটা আনন্দবিহীন জীবন কাটাতে হয়েছে সবাইকে। পর্তুগাল সরকার লকডাউন সহ নানা বিধিনিষেধ তুলে দেওয়ায় সবার মাঝে ফিরে এসেছে প্রাণ চঞ্চলতা। তারই পরিপ্রেক্ষিতে পর্তুগালের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ পর্তুগাল’ প্রবাসীদের জন্য এক আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন।
লিসবনের অদূরে ভিলামোড়ায় উক্ত আনন্দ ভ্রমণের বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ পর্তুগালের সভাপতি তাহের আহমেদ চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক রাজিব আল মামুনের সঞ্চালনায় হাফেজ আতিকুর রহামানের কোরআন তেলওয়াতের মাধ্যমে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়।
লিসবন থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের পাহাড়, সমুদ্র আর মেরিন ড্রাইভের উদ্দেশ্যে শতাধিক প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সকাল ৯টায় ছুটে চলেন ভিলামোড়ার উদ্দেশ্যে। যাত্রাপথে চারদিকের প্রকৃতির অপরুপ সৌন্দর্য সবাইকে আকর্ষণ করেছে। চলন্ত বাসে লিসবন শিল্পীগোষ্ঠীর শিল্প সোহাইল আহমেদ ও আনোয়ার হোসাইনের মন মাতানো গানের ছন্দে দীর্ঘ দিন পর রোদেলা আকাশে এমন একটি দিন কাটাতে পেরে খুশি সবাই।
সকলের অংশগ্রহণে বনভোজনকে ঘিরে ছিল কৌতুক, কুইজ প্রতিযোগিতা, হাড়ি ভাঙাসহ নানা আয়োজন। সমুদ্র গোসল, মধ্যাহ্নভোজ এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ণাঢ্য বনভোজন আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহিন সাঈদ, হেদায়েতুল্লাহ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হামিদী, মো: এনামুল হক, নাসির হোসেন, ফরীদুল ইসলাম, তানভীর ইসলাম, সাঈদুর রহমান, তাজউদ্দিন শোভন প্রমুখ।