রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল, প্রতিনিধি: পর্তুগালের প্রাচীন রাজধানী বন্দর নগরী পোর্তোয় নানা আয়োজনে একুশ উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং পর্তুগিজ স্পাসো টি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যৌথভাবে ভিন্নমাত্রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করে।
প্রথম পর্বে, ২১ ফেব্রুয়ারি ২০২০ স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে পোর্তোর স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত মো: রুহুল আলম সিদ্দিকী, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ, পর্তুগালের ক্ষমতাসীন স্যোসালিষ্ট পার্টির নেতৃবৃন্দ, স্থানীয় জন্তা প্রেসিডেন্ট এন্তোনিও ফনসেকা, পোর্তো সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পর্তুগাল বাংলা প্রেস ক্লাব, পোর্তো শহরের স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধি সহ প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর রাত ৯.৩০ মিনিটে দ্বিতীয় পর্বে পোর্তো শহরের বিখ্যাত এন্তনীয় কমার্শিয়াল দো পোর্তো অডিটোরিয়ামে একুশের বিশেষ আলোচনা ও নৈশভোজের আয়োজন করা হয়।

পর্তুগালের জনপ্রিয় টিভি সাংবাদিক সিলভার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত এবং ভাষা শহীদের জন্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পাসো টির সভাপতি জর্জ অলিভেইরা এবং শুভেচ্ছা বক্তব্যে রাখেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন।
অনুষ্ঠানে পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্ক সহ পর্তুগিজ ভাষা, সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের বিভিন্ন দিক নিয়ে বক্তব্যে রাখেন, বাংলাদেশর রাষ্ট্রদূত মো: রুহুল আলম সিদ্দিকী এবং সমাপনী বক্তব্যে রাখেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর এক যুগ পূর্তি উপলক্ষ্যে এবারের অনুষ্ঠানে পর্তুগালের মূলধারার রাজনৈতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ৭ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ১টি সংস্থাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে পর্তুগালের স্থানীয় ও পর্তুগীজ আফ্রিকান শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও নৈশভোজের পূর্বে রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর এক যুগ পূর্তি উপলক্ষ্যে আগত অতিথি এবং কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।