প্রবাস মেলা ডেস্ক: পররাষ্ট্রসচিব হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম। এদিকে দু’একদিনের মধ্যে দায়িত্ব ছাড়ছেন জসীম উদ্দিন। মাঝের এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিক।
ছুটি শেষে জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হলেও হতে পারেন বলে ধারণা করছেন অনেকেই। আর দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে।
সরকার এরই মধ্যে আসাদ আলমকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের দিকে তাকে ঢাকায় ফেরানো হচ্ছে। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি রাষ্ট্রাচার প্রধানের দায়িত্ব পালন করেছেন। সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের আমলে তখনকার পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবে কাজ করেছেন আসাদ আলম সিয়াম।