হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে একে একে সাতটি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এখন তার পদত্যাগের দাবি তুলেছেন সিনেটররা। ১৩ মার্চ ২০২১, শনিবার বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কুমোর রাজনৈতিক সহচর চাক শমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ডের মতে, কুমো নিউইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউইয়র্ক অ্যান্ড্রু কুমো। একই সঙ্গে তিনি পদত্যাগ করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তার ভাষায়, ‘যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি।’ সপ্তম অভিযোগটি আসার আগে ১২ মার্চ ২০২১, শুক্রবার তিনি বলেন, ‘আমি কখনোই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করিনি।’
এ বিষয়ে দেয়া বিবৃতিতে শমার এবং গিলিব্র্যান্ড বলেন, ‘একাধিক বিশ্বাসযোগ্য যৌন হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ ওঠার পর কুয়োমো তার রাজনৈতিক সহচর এবং নিউইয়র্কের জনগণের আস্থা হারিয়েছেন। গভর্নের পদ থেকে তার পদত্যাগ করা উচিত।’
একই সুর শোনা গেছে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্ল্যাসিওর গলায়ও। তিনি কুমোর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আগামী বছর গভর্নর হিসেবে কুমোর অফিসের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নিজের অঙ্গরাজ্যে করোনাভাইরাস মহামারির সময় দক্ষতার পরিচয় দেয়ার কারণে গত বছর তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন গভর্নর কুমো।