ডেস্ক রিপোর্ট: আজ (১৬ অক্টোবর ২০২৪) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া সহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাড়ে ১৫ বছরের গণতান্ত্রিক লড়াই এবং ‘২৪ এর ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দেশের জনগণ দুর্নীতি, লুটপাট, বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। একদিকে পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা, অন্যদিকে সরকারের নানাবিধ সীমাবদ্ধতা সেই প্রত্যাশাকে সংকুচিত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। এখনো বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী সিন্ডিকেট। স্বৈরাচারের পতন হলেও বাজার সিন্ডিকেট এখনো আওয়ামী দোসরদের দখলে। সরকার সিন্ডিকেট ভাংতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নিতে পারেনি।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারছে না অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সরকার দায়িত্ব নেবার পর দুই মাসেরও বেশি সময় পার হলেও এখনো সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্রিয় হয়নি। সেখানেও পতিত স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়।
সরকারের প্রতি অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ‘২৪ এর ছাত্র-জনতার অভ্যূত্থান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না।