আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: গতকাল ইতালি প্রবাসী একজন নারী হাফসা লিপি (৩৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন । স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে গিয়েছিলেন তারা। কথা ছিলো ছুটি কাটিয়ে আবারও ফিরে আসবেন ইতালিতে। কিন্তু বিধি বাম তার আর সে স্বপ্ন পূরণ হলো না, মৃত্যু তাকে টেনে নিয়ে গেছেন নিজ জন্মভূমিতে।
তার আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, ইতালি থেকে বাংলাদেশে গিয়ে ঢাকাতে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান হাফসা লিপি।
একটি সূত্র জানায়, হাফসা লিপির স্বামী সর্দার আবদুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে তিনি কোনভাবে সেরে ওঠেন । তাদের দুই সন্তান অলি (১২) ও আয়ানাকে (৬) নিয়ে তিন সপ্তাহ আগে দেশে এসে কলাবাগানে একটি বাসায় উঠেছিলেন তারা। এরপর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন স্বামী-স্ত্রী। তবে স্বামী সুস্থ হলেও স্ত্রী সুস্থ হন নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে লিপিকে দাফন করা হবে বলে জানা গেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান।