প্রবাস মেলা ডেস্ক: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সমগ্র বাংলাদেশব্যাপী বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২০ রাজশাহীর কাজলা-ধরমপুরে একটি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করা হয়। যে সকল সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার উদ্দেশ্যে এই আয়োজন যেন কোন মানুষই অন্ধ হয়ে না যায়।

উক্ত ক্যাম্পে মোট ৬৫২ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৭৩ জন ছানি রোগী, ১১৪ জন চশমার রোগী সনাক্ত করা হয় এবং রোগীদের আগামী ৫ ফেব্রেুয়ারি ২০২০ চশমা প্রদান করা হবে। ৬২৩ জন রোগীকে ঔষধ প্রদান করা হবে ও ছানি রোগীদের রাজশাহী লায়নস চক্ষু হাসপাতাল নিয়ে অপারেশন করা হবে।
উক্ত আই স্ক্রীনিং ক্যাম্পটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেন এর স্বরণে আয়োজন করা হয়। ফারাজ মানবতার জন্য যে অসম্ভব সাহস ও সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছেন তা আজ বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১ জুলাই ২০১৬ সালে হোলিআর্টিজান বেকারীতে সন্ত্রাসী আক্রমণের সময় বাংলাদেশি মুসলমান হিসেবে ফারাজকে চলে যাওয়ার জন্যে বললেও তিনি তার বন্ধুদের জন্য তা প্রত্যাখ্যান করেন এবং চরম আত্মাহুতি প্রদানের মাধ্যমে সাহসীকতা, মানবতা ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আরএসসি ও ডিসিআই এই মূল্যবোধ সারা বিশ্বের যুব সম্প্রদায় এর মধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত করতে চায়।
ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, “ফারাজের স্মরণে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের সহযোগিতা করা কতটা জরুরী। যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারণে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তাদের সেবা প্রদান করা আমাদের সর্বোচ্চ প্রতিজ্ঞা। আমরা অন্ধত্ব দুর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধপরিকর”।

উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: হাবিবুর রহমান, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী । তিনি ফিতা কেটে উক্ত ক্যাম্পটির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডাঃ তবিবুর রহমান শেখ, রাসিক এর ২২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল হামিদ সরকার টেকন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আশরাফুল হাসান বাচ্চু। এছাড়াও জনাব এ কে এম জামান জুয়েল, জনাব আন্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন। আরএসসি এর প্রোগ্রাম ম্যানেজার জনাব জামাল নাসের রোমেল, আরএসসি এর ডেভলপমেন্ট ও কমিউনিকেশন অফিসার জনাব হুমায়ন কবীর, আরএসসি এর প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার জনাব মোঃ সামিউল হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে উক্ত ক্যাম্প পরিচালনা করেন। এছাড়াও ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে জনাব তাহ্মিদ ইবনে মাজহার উপস্থিত ছিলেন। উক্ত ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে আরএসসি এর অন্যান্য কর্মকর্তা সহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
রাজশাহী লায়নস চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ডাক্তার উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।