হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের ‘চরমপন্থি’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্প ও তার রিপাবলিকান সমর্থকদের ‘চরমপন্থা’ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে উঠেছে। ট্রাম্প অনুসারীদের রিপাবলিকান পার্টির ‘অপশক্তি’ আখ্যা দিয়ে এ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাইডেন। খবর আল জাজিরার।
সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত। নির্বাচনে দ্বিতীয়বারের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের পরাজয় মেনে নেয়নি তার দল রিপাবলিকান পার্টি। তাদের অভিযোগ, কারচুপি করে ট্রাম্পকে হারিয়ে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, নির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় বাইডেনের ক্ষমতাগ্রহণ আটকে দিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় তারা।
ওই নির্বাচনের পর থেকে গত দুই বছরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন ব্যাপকভাবে বেড়ে গেছে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে করে তা আরও স্পষ্ট হয়ে উঠছে।
বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দু’বছর পর আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন মার্কিন ভোটাররা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ চার বছর। এর মাঝামাঝি সময়ে এই নির্বাচন হয়, তাই একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়।
যুক্তরাষ্ট্রের বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে এক দলের রাজনীতিককে বিরোধী দলের রাজনীতিককে আক্রমণ করে বক্তব্য দেওয়ার ঘটনা বিরল হলেও সম্প্রতি হরহামেশাই এমনটা ঘটছে। তারই ধারাবাহিকতায় এবার ট্রাম্পকে কঠিন আক্রমণ করলেন বাইডেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হলে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ওই বক্তব্যেই পূর্বসূরী ট্রাম্প ও তার সমর্থকদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সমালোচনা করেন ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এজেন্ডারও।
বাইডেন বলেন, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেইন’ এজেন্ডা ও তার সমর্থকরা মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। ট্রাম্প বাহিনী দেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে উল্টে দিতে চায়। সংবিধান অগ্রাহ্য করে দেশকে তারা পেছনে দিকে ফেলে দিতে বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘গত প্রেসিডেন্ট নির্বাচনে যে ৭ কোটির বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাদের সমালোচনা করছি না আমি। তবে যে রিপাবলিকান পার্টি ট্রাম্প ও তার সমর্থকদের দিয়ে পরিচালিত হচ্ছে তা দেশের জন্য হুমকি।’ ভোটারদের উদ্দেশে বাইডেন বলেন, হুমকি মোকাবিলা করার সক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই মাস আগে ভোটারদের চাঙ্গা করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক জবাবে রিপাবলিকান শীর্ষ রাজনীতিক কেভিন ম্যাককার্থি বলেন, ‘তার বক্তব্য আমেরিকার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে।’
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) রিপাবলিকান সংখ্যালঘু নেতা ম্যাককার্থি বলেন, বাইডেন মার্কিনিদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, হেয় ও অপমানের পথ বেছে নিয়েছেন। কিন্তু কেন?