প্রবাস মেলা ডেস্ক: নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম ও একমাত্র টেলিভিশন বিতর্ক আজ।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার এবিসি নিউজের বিতর্কে ডেমোক্র্যাট কমলা হ্যারিস মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্কে এ মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস নিজের জয়ের পক্ষে কী কী যুক্তি তুলে ধরেন তা দেখতে চোখ রাখবেন বিশ্বের কোটি কোটি দর্শক।
সর্বশেষ সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এখনও প্রায় অর্ধেক ভোটারের দৃঢ় সমর্থন ধরে রেখেছেন। জুলাই মাসে প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর পর প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন কমলা হ্যারিস।
দ্রুত নিজেকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণও করেছেন হ্যারিস। তবে ট্রাম্প মার্কিন ইতিহাসের অন্যতম বয়স্ক প্রেসিডেন্ট প্রার্থী। তার দাবি, তিনি না থাকলে দেশ পতনের মুখে পড়বে।
নিউইয়র্ক টাইমস ও যুক্তরাষ্ট্রের সিয়েনা কলেজের একটি জরিপ অনুসারে, ৭৮ বছর বয়সী ট্রাম্প জাতীয়ভাবে ৪৮ শতাংশ সমর্থন পেয়ে হ্যারিসের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে আছেন।