প্রবাস মেলা ডেস্ক: পশ্চিমবঙ্গের বড় পর্দায় মুক্তি পাওয়ার পর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘আহারে’ সিনেমাটি এবার টেলিভিশনে দেখতে পারবেন দর্শকরা। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সিনেমাটি কলকাতায় মুক্তি পেয়েছিল। এবার বছর শেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে টেলিভিশনের পর্দায়।
আগামী ৮ ডিসেম্বর দুপুর ১টায় ভারতীয় জি বাংলা সিনেমা টিভিতে ‘আহারে’ সিনেমাটি প্রচার হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুভ নিজেই।
এ সিনেমাতে একজন স্বনামধন্য শেফের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গল্পে শুভ ও ঋতুপর্ণা দুজনেই খেতে এবং রান্না করতে ভালোবাসে। খাবার এবং রান্নার মধ্যে যে শিল্প তার প্রতিও দারুণ কমিটমেন্ট তাদের।
ঘটনাক্রমে দুই দেশের দুই নাগরিকের দেখা হয়। রান্নার সুবাদেই বাড়ে ঘনিষ্ঠতা। ধর্মীয় পার্থক্যের পরও যা একসময় রূপ পায় প্রণয়ে।
ভারতের একক প্রযোজনায় কাজ করা এটিই শুভর প্রথম সিনেমা। রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহারে’ ভারত ছাড়াও চীনে মুক্তি পেয়েছে।