ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনুস্যলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে “মহান বিজয় দিবস-২০১৯” যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠান মালার সমাহারে কনস্যুলেট প্রাঙ্গণে উদ্যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর ২০১৯ সূর্যোদয়ের সাথে সাথে মান্যবর কনসাল জেনারেল ফয়সল আহমেদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অতপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক ১৬ ডিসেম্বর ২০১৯ উপলক্ষ্যে প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

বাংলাদেশ সরকারের প্রদত্ত কর্মসূচির আলোকে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল”, জেদ্দার বাংলা ও ইংরেজী শাখার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “বিজয়ফুল” তৈরী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেদ্দায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর, কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে কনস্যুলেট, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা ও ইংরেজী শাখা, স্থানীয় কমিউনিটির পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ এবং কনসাল জেনারেল কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্বের পরিসমাপ্তি ঘটে।
সন্ধ্যায় ‘৫২ থেকে ৭১’ চেতনায় বাংলাদেশ শীর্ষক লেজার শো প্রর্দশনের মাধ্যমে অনুষ্ঠানের ২য় পর্বের সূচনা হয়। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে দেশত্বাবোধক গানসহ নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগিতে প্রবাসী বাংলাদেশিদের এক অভূতপূর্ব শিহরণ পরিলক্ষিত হতে দেখা এ যেন মরুর বুকে এক মিনি বাংলাদেশ।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর কনস্যুলেট ভবনে আলোকসজ্জা ও রঙিন পতাকা দ্বারা শোভিত করা হয়।