ক ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনুস্যলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ১৫ আগস্ট ২০১৯ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয় ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

২য় পর্বে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর সহযোগিতায় সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন হজ্ব উপলক্ষ্যে সৌদি আরবে ভ্রমণরত জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, সভাপতিত্ব করেন মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন ।
এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষের দিকে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।