প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের আকর্ষণীয় কম মূল্যে জমি ও ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ক্রয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের জেদ্দা প্রবাসী আনিসুর রহমান নিজেকে শতাব্দি হাউজিং কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়ে কম মূল্যে প্লট কিনে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
দীর্ঘদিন সৌদি আরবের জেদ্দা থাকার সুবাদে অনেক প্রতিষ্ঠিত প্রবাসীদের সাথে সখ্যতা গড়ে ওঠার একপর্যায়ে বাংলাদেশে প্লট ক্রয়ের মাধ্যমে নিজের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার করার লোভনীয় পরামর্শ দিয়ে সরলমনা প্রবাসীদের সাথে এই ঘৃণ্য প্রতারণা করে ই সে ক্ষান্ত হয়নি নিজের আখের গোছানোর সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব ছেড়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পন্ন করেছে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের একজন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন ইনভেস্টর এর অফিসে জেদ্দা বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এর মান্যবর কনসাল জেনারেল এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফেরতের মানবিক দাবি জানান।