সাজ্জাদ হোসেন সজিব, টোকিও, জাপান: এ বছরের সবচেয়ে শক্তিশালী তাইফুন ‘হাগিবিস’ জাপানের দিকে ধেয়ে আসছে। জা পানের আবহাওয়া এজেন্সি বলছে, তাইফুন হাগিবিস ওগাসাওয়ারা দ্বীপমালার অদূরের সমুদ্রের উপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনি ও রবিবার হাগিবিস পূর্ব ও পশ্চিম জাপানের দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে এবং শেষ পর্যন্ত এটি ভূমিতেও আঘাত হানতে পারে।
অল নিপ্পন এয়ারওয়েজ ইতিমধ্যে হানেদা এবং নারিতা বিমানবন্দরের শনিবারের সকল অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। জাপান এয়ারলাইন্সও তাদের হানেদা এবং নারিতা বিমানবন্দরের অনেক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হতে পারে বলে জানিয়েছে।

এছাড়া জাপান রেলওয়ে জানিয়েছে, তাইফুন হাগিবিসের কারণে শিনকানসেন বুলেট ট্রেনের সময়সূচী পরিবর্তন হতে পারে। ঐ ঝড়ের প্রভাবে আগামীকাল ওগাসাওয়ারা দ্বীপের চারিদিকের সমুদ্রে ১০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি ঘণ্টায় ১শ ২৫ কিলোমিটার পর্যন্ত বেগ নিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ঝড়ের এই উত্তাল তরঙ্গ সপ্তাহান্ত জুড়ে দেশের পূর্ব এবং পশ্চিমাংশেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঝড়টি আর্দ্র বায়ুর একটি স্ফীত বলয় বয়ে নিয়ে আসার কারণে শুক্রবার থেকে দেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
তাইফুনের পূর্বাভাসকৃত পথ বা এর অদূরে থাকা লোকজনকে সম্ভাব্য মারাত্মক বিরূপ আবহাওয়ার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন আবহাওয়া কর্মকর্তারা।