হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৭৪তম জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর ২০১৯ নিউইয়র্কে পৌঁছাবেন বলে জানা গেছে। ১৭ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এ সময় জানানো হয় এ বছর সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হচ্ছে “Galvanizing multilateral efforts for poverty eradication, quality education, climate action and inclusion। যে সকল কারণে এবারের অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করে সেগুলো হলঃ
সাধারণ বিতর্ক পর্বের মূল প্রতিপাদ্যের আলোকে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, দারিদ্র দূরীকরণ, মানসম্মত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সকলের সুস্বাস্থ্য নিশিচতকরণ, নারীর ক্ষমতায়ণ এবং অভিবাসন ও শরণার্থী সমস্যার মত গুরুত্বপূর্ণ বিষয়ে বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে এবারের অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হবে। তাই এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণের মাধ্যমে এ সকল বিষয়সমূহে বাংলাদেশের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের এ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা আলোচনা এবং এ বিষয়ে বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে। পৃথিবীর অন্যতম বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়দানকারী হিসেবে রোহিঙ্গা বিষয়ে আয়োজিতব্য বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং নিজের অবস্থান তুলে ধরা হবে। এছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৭২-তম অধিবেশনে প্রদত্ত ৫ দফা প্রস্তাব ও ৭৩-তম অধিবেশনে পুনর্ব্যক্ত ৩ দফা এখনো প্রাসঙ্গিক। উপরন্তু রোহিঙ্গা বিষয়ে বিশ্ব নেতৃত্বের আগ্রহ, সার্বিক অবস্থান অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের জোরালো বক্তব্য ও অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।
এছাড়া এবারের অধিবেশনে ২৩ সেপ্টেম্বর ২০১৯ ‘Universal Health Coverage (UHC)’ শীর্ষক দিনব্যাপী উচ্চ পর্যায়ের সভায় মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে গত কয়েক বছরে দেশের অসাধারণ সাফল্যের বিষয়টি তুলে ধরতে পারেন। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ২০১৯ ‘Climate Action Summit ২০১৯’ এ অংশগ্রহণ করবেন।
২৪ সেপ্টেম্বর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী Global Commission on Adaptation এর আয়োজনে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এর আয়োজনে ‘Rohingya Crisis – A Way Forward’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।
২৪ সেপ্টেম্বর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী ‘Leadership Matters- Relevance of Mahatma Gandhi in the Contemporary World শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। এই সভায় মহাত্মা গান্ধীর আদর্শের আলোকে সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
২৬ সেপ্টেম্বর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী UNICEF আয়োজিত ‘An evening to honour Her Excellency Prime Minister Sheikh Hasina শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।
২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশের আয়োজনে “Sustainable Universal Health Coverage: Comprehensive Primary care inclusive of mental health and disabilities” শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এই সভায় কমিউনিটি ক্লিনিক খাতে বাংলাদেশের অনুকরণীয় সাফল্য এবং প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ করে মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ে বাংলাদেশের উদ্যোগসমূহ তুলে ধরা হবে। ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী ও নেপালের উপ-প্রধানমন্ত্রী উক্ত সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া এই সাইড ইভেন্টের টেকনিক্যাল পর্যায়ের আলোচনা সভায় বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ মিস সায়মা ওয়াজেদ হোসেন মডারেটরের দায়িত্ব পালন করবেন।
২৭ সেপ্টেম্বর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রতিবারের মত এবারও মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় বক্তৃতা দেবেন। বক্তৃতায় তিনি বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যুগান্তকারী সাফল্য ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকার বিষয়সমুহে আলোকপাত করবেন। পাশাপাশি, তাঁর বক্তব্যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন, জলবায়ূ পরিবর্তন মোকাবেলা, ব্লু ইকোনমি বিষয়ে কর্মপরিকল্পনার মত বিষয়সমূহ উঠে আসবে।
প্রতি বছরের মত এবারও, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীগণ মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত রানী ম্যাক্সিমা, Billd Melinda Gates Foundation Gi Co-chair Mr. Bill Gates, আইসিসি এর চীফ প্রসিকিউটর, Exon Mobil এর প্রধান নির্বাহীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধানগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আশা সংবাদ সম্মেলনে জানানো হয়।।