রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস আম্মানের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। একুশের প্রথম প্রহরে দূতাবাসের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমান অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, কমিউনিটি নেতৃবৃন্দ ও জর্ডানে বসবাসরত প্রবাসীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
দ্বিতীয় পর্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দূতাবাস সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ হয়। এরপর উপস্থিত অতিথিরা ভাষা আন্দোলনের উপর নির্মিত ভিডিওচিত্র উপভোগ করেন। এছড়া, ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধিও কল্যাণ কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উম্মে সালমা।
রাষ্ট্রদূত নূর ই- হেলাল সাইফুর রহমান তার তার বক্তৃতায় বলেন, ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহিদগণ জীবন উৎসর্গ করে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সূচিত হয়েছিলো তারই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সূচিত হয় এবং বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এসময় তিনি সকলকে মাতৃভষার প্রতি আরো যত্নশীল হওয়ার আহবান জানান।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে আপ্যায়ন ইফতার বিতরণ করা হয়।