প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে উড্ডয়নের সময় মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণমূলক একটি এএইচ-সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) টেক্সাস অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটি ফোর্ট হুডের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি একটি খোলা মাঠে আছড়ে পড়ার সাথে সাথে এতে আগুন ধরে যায় এবং প্রায় ১০০ একর পর্যন্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে বেসামরিক নাগরিকদের হতাহত ঠেকানো গেলেও নিহত দুই মার্কিন সেনার পরিচয় এখনো প্রকাশ করেনি সেনাবাহিনী। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফোর্ট হুডের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন তদন্তের নেতৃত্ব দিচ্ছে। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।