রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বহুমুখী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজধানী আম্মানের প্রাণকেন্দ্র আল-বালাদের নামছা কফি হাউসে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিম উদ্দিন অসীম। তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি শত হামলা-মামলা, খুন-জুলুম সত্ত্বেও জনতার ভালোবাসায় টিকে আছে। শহীদ জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি বিশ্বে প্রশংসনীয় ছিল, যার সুফল আজ প্রবাসীরা ভোগ করছেন।”
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপদেষ্টা কামরুল হাসান এবং প্রধান বক্তা ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি খান মোহাম্মদ লিটন। সঞ্চালনা করেন মাহাবুবুল আলম।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, শাহিন আলম, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, মাইনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে নাসিম উদ্দিন অসীম প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি জুলাই-আগস্টে সরকারের পতনের দাবিতে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে আগামী নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।