রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রবাসী: জর্ডানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, আম্মান-এর উদ্যোগে ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকেলে ইরবিদের আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের JIEC হলরুমে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নুরে হেলাল সাইফুর রহমান উপস্থিত থেকে পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া, ভোট প্রদান পদ্ধতি, ধাপসমূহ এবং প্রয়োজনীয় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ভোট ব্যবস্থার গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে আলোকপাত করেন।
সভায় পোস্টাল ভোট বিডি বিষয়ক একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়, যা অংশগ্রহণকারীদের কাছে পুরো প্রক্রিয়াটি সহজ ও স্পষ্টভাবে তুলে ধরে।
মতবিনিময় সভায় জর্ডানের ইরবিদ, সাহাব ও আল-দুলাইল অঞ্চলে অবস্থিত বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত বাংলাদেশি প্রতিনিধি ও প্রবাসী শ্রমিকরা অংশগ্রহণ করেন। তারা পোস্টাল ভোট পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।
সভাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।