প্রবাস মেলা ডেস্ক: কোস্টারিকায় জরুরি অবতরণ করতে গিয়ে একটি কার্গো বিমান ভেঙে পড়ে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দরে। এ দুর্ঘটনার জেরে সান জোসের আন্তর্জাতিক বিমানবন্দর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ঘটনাটি কোস্টারিকার সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরের। গত ৭ এপ্রিল এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টার সময়। সৌভাগ্যবশত কার্গো জেট হওয়ায় কোনো যাত্রী ছিল না। তবে বৃহস্পতিবার ঘটা এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে বলা হয়, জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল-এর হলুদ প্লেনটি অবতরণ করার সময় ধোঁয়া বের হচ্ছিল। এ সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং দ্বিখণ্ডিত হয়ে যায়। এরপর রানওয়ে থেকে পিছলে গিয়ে পেছনের চাকার চারপাশে ভেঙে পড়ে। জুয়ান সান্তামারিয়া বিমানবন্দর থেকে উড়েছিল বোয়িং-৭৫৭ বিমানটি। কিন্তু হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি ধরা পড়ার পর ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
কোস্টারিকার সিভিল অ্যাভিয়েশনের ডেপুটি ডিরেক্টর লুইস মিরান্ডা বলেন, গুয়াতেমালা সিটি যাচ্ছিল বিমানটি। কিন্তু টেক অফের প্রায় সঙ্গে সঙ্গেই সমস্যা ধরা পড়ে। বিমানে শুধু দুই ঘণ্টার মতোই জ্বালানি ছিল। সে কারণেই সান জোসেতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোস্টারিকার ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান হেক্টর শ্যাভেস বলেছেন, জাহাজে থাকা দুই ক্রু ভালো অবস্থায় আছেন। এ ঘটনার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ছিল।
ডিএইচএল মুখপাত্র ড্যানিয়েল ম্যাকগ্রা বলেন, বিমানটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে। ঘটনার কারণ জানতে তদন্ত হবে বলে জানান তিনি।