প্রবাস মেলা ডেস্ক: চীনের হেনান প্রদেশে একটি স্কুল ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ২০ জানুয়ারি চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে অগ্নিকাণ্ডের খবর রাত ১১টায় দমকল বিভাগকে জানানো হয়।
সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দমকলবাহিনী ঘটনাস্থলে রাত ১১টা ৩৮ মিনিটে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল আছে।
অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়। গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়।
গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে লোকজন বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে।