প্রবাস মেলা ডেস্ক: জার্মানি নাগরিকত্ব পেতে বিদেশীদের পথ সহজ করল দেশটি। শুক্রবার (১৯ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞার তুলে নিয়ে একটি নতুন আইন পাস করেছে দেশটি। জাতিগতভাবে বৈচিত্র্যময় এবং আরও অভিবাসী শ্রমিকদের আকৃষ্ট করার জন্য বাস্তবতা আলোকে এই আইন তৈরি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাগরিকত্বের আবেদনের শর্ত সহজ করে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ নতুন একটি আইন প্রণয়ন করেছে। এ আইন অনুযায়ী, জার্মানিতে টানা ৫ বছর বসবাসকারী বিদেশিরা, নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। আগের আইনে এই সময়সীমা ছিল ৮ বছর। এছাড়া আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধটিও তুলে নেয়া হয়েছে।
শুক্রবার বুন্দেসতাগে সংসদে ব্যাপক সমালোচনার মধ্যে আইনটি পাস হয়। নতুন আইনটির পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। তবে বিপক্ষে ভোট দিয়েছেন দেশটির রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সংসদ সদস্যরা। দলটির ২৩৪ জন এমপি আইনটির বিপক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে জার্মানের স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরে পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে আমারা তাদের কাছে বার্তা দিতে চাই—জার্মানি আপনাদেরও দেশ।’