প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীরের জন্মদিন আজ। ১৯৫০ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন পালন প্রসঙ্গে গণমাধ্যমকে আলমগীর জানান, যথারীতি এবারের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই। জন্মদিন নিয়ে বিশেষ কিছু বলার নেই। শুধু এতটুকুই বলব, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে।
চলচ্চিত্রে আলমগীরের অভিষেক হয় ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমা দিয়ে। ১৯৮৫ সালে তিনি পরিচালনা শুরু করেন। ১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন আলমগীর। অভিনয় ক্যারিয়ারে ২২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়া ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননায়’ ভূষিত হন এ অভিনেতা। শুধু অভিনয় নয়, গানও গাইতে পারেন আলমগীর। একসময় রাজধানীর গ্রীণ রোডে একটি স্কুলে সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কাছে গান শিখেছিলেন। কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রেও গান গেয়েছেন। ‘আগুনের আলো’ চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন। এরপর ‘কার পাপে’, ‘ঝুমকা’ ও ‘নির্দোষ’ চলচ্চিত্রেও গান গেয়েছেন।