রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: লাখ লাখ মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুস উদযাপিত হয়েছে।
২০ অক্টোবর ২০২১, বুধবার সকাল পৌনে নয়টার দিকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জুলুসের র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান পায়ে হেটে প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া প্রাঙ্গণে ফিরে আসে।
এদিকে জুলুসকে ঘিরে নগর সেজেছে নতুন এক রুপে। সড়কের দুপাশে লাগানো হয়েছে নানা ব্যানার ফেস্টুন ও তোরণ। এর আগে রাতে জামেয়া প্রাঙ্গণসহ পুরো শহরের প্রধান সড়কগুলোতে বিভিন্ন রঙের বাতিতে সজ্জিত করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দীক বলেন, ‘জুলুসকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’ এদিকে জুলুসকে ঘিরে নগরজুড়ে বেড়েছে জ্যাম। কোথাও কোথাও লাশবাহী, রোগীবাহী এম্বুলেন্স আটকে থাকতে দেখা যায়। জুলুসে আসা গাড়িগুলি যত্রতত্র ফেলে রাখায় এই জ্যামের সৃষ্টি। তাদের বোঝাতে হিমশিম খেতে হচ্ছে ভলান্টিয়ার ও ট্রাফিক বিভাগ। এতে সাধারণ চলাচলে যথেষ্ট ব্যাঘাত ঘটতে দেখা যায় বলে জানান দায়িত্বরত পুলিশ ও প্রত্যক্ষদর্শী।

এ জুলুস ১৯৭৪ সালে আল্লামা তৈয়্যব শাহ (রহ.) চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার ভুলোয়ার দিঘীর পাড় থেকে সূচনা করেন। এরপর থেকে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর ১২ ই রবিউল আউয়াল পালিত হয়ে আসছে এ জুলুস। তবে এবার প্রথমবারের মতো জুলুসের নেতৃত্ব দিয়েছেন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ।