জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ‘বাঙ্গালীর জাগরণে মহাজাদুকর’ এ স্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের আয়োজন করেছে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন গৌরব ৭১ যুক্তরাজ্য শাখা। ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে মুজিব জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক মোল্লা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম পাটোয়ারী।
অনুষ্ঠানের শুরুতে নুরুজ্জামান খানের পরিচালনায় মহান জাতির মহান শিক্ষক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এবং বিশ্ব মানবজাতি যেন করোনা ভাইরাসের আতঙ্ক থেকে মুক্তি পায় সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়।

মুজিব শতবর্ষ অনুষ্ঠানে গৌরব ৭১ যুক্তরাজ্য শাখা কেন্দ্রিয় কমিটির সাথে একাগ্রতা ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে গৌরব ৭১ যে অনলাইন পিটিশনের আয়োজন করছে সেটিতে ১০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছে। মুজিব বর্ষে সেই পিটিশন চলমান রাখা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা যে যেখানেই থাকুক না কেন গৌরব ৭১ তাদের ফিরিয়ে এনে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করতে বরাবরের ন্যায় রাজপথে থাকবে । এ বিষয়ে গৌরব ৭১ যুক্তরাজ্য শাখা কেন্দ্রিয় কমিটির সঙ্গে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, গৌরব৭১ এর সদস্য ও সর্ব ইউরোপ বাংলাদেশি এসোসিয়েশন ইউকে এর সভাপতি মামুনুর রশিদ, আহমেদ রাজু যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ফকির, সাংগঠনিক সম্পাদক আ: হাকিম সিকদার, কোষাধক্ষ আক্তার হোসেন বাচ্চু, সদস্য নুরুজ্জামান খান, মির নাসির, সহ সভাপতি ও নাজমা সুলতানা সহ আরো অনেকে।
বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু শুধুই একটি নাম নয়, বাঙ্গালীর স্বপ্ন, সার্বভৌমত্ব, অস্তিত্ব, একটি ইতিহাস, একটি লাল সবুজ পতাকা, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী চেতনার নাম বঙ্গবন্ধু।

বক্তাগণ আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সঠিকভাবে ধারণ করতে হবে এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মুজিববর্ষের ব্রত হউক মানব কল্যাণ এই শপথ নিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।