প্রবাস মেলা ডেস্ক: দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং বিরল চর্মরোগে ভুগছেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী। প্রধানমন্ত্রীর সহযোগিতায় চিকিৎসা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। উন্নত চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন তিনি। দুই দফা ভারতে চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন আকবর। কণ্ঠে গানও তুলেছিলেন। কিন্তু আকবরের শারীরিক অবস্থা এখন তেমন একটা ভালো নয়।
কেমন আছেন? জানতে চাইলে আকবর বলেন, ‘পাঁচ মাস ধরে শয্যাশায়ী। দাঁড়াতে পারছি না। মেরুদণ্ডের হাড়ে সমস্যা দেখা দিয়েছে। ক্র্যাচে ভর করে দাঁড়াতে হচ্ছে।’
গায়ক আকবর জানান, পড়ে গিয়ে মেরুদণ্ডের শেষ হাড়ে আঘাত পেয়েছেন। কিছু নার্ভ ভেতরে ঢুকে যাওয়ায় পায়ে ভর দিয়ে চলতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, এ অপারেশন করতে ৭০ হাজার টাকার মতো খরচ হবে।
টাকা জোগাড় করতে অভিনেতা ডিপজলের দ্বারস্থ হয়েছিলেন আকবর। ডিপজল বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। সব মিলিয়ে এক লাখ টাকা দরকার আকবরের। সেটা জোগাড় হলেই আবারও ভারতে যাবেন তিনি।
এদিকে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন গায়ক আকবর। কী সে বিড়ম্বনা? জানতে চাইলে ভারী গলায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সঞ্চয়পত্রের ২০ লাখ টাকা দিয়েছিলেন। তখন জানানো হয়েছিল, তিন বছর পর এটা আমি ভাঙাতে পারব। বছর পূর্ণ হলেও ব্যাংক সে টাকা আমাকে দিচ্ছে না। সেটা তুলতে পারলে এখন হয়তো বাঁচতে পারতাম। হয়তো ভবিষ্যতেও বেঁচে থাকব, তবে পঙ্গু হয়ে।’
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আকবর। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তারপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। স্ত্রী কানিজ ফাতেমা এবং মেয়ে অথৈকে নিয়ে রাজধানীর মিরপুরে বসবাস করছেন আকবর।