প্রেস বিজ্ঞপ্তি: ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক আগ্রাসনে প্রতিদিনই নিহত হচ্ছে শত শত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষ। মানবাধিকারের এমন চরম লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববিবেক যখন হতবাক তখন কবিরা নিশ্চুপ থাকতে পারে না। ইতিহাসের এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জাতীয় কবিতা পরিষদ আয়োজন করছে এক প্রতিবাদসভা ও প্রতিবাদী কবিতাপাঠের অনুষ্ঠান। ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, বিকাল ৪টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে উক্ত প্রতিবাদ সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট কবি ও সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি, বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, খ্যাতিমান কবি ও সাংবাদিক সোহরাব হাসান।
কবিতা পাঠে অংশ নেবেন বিশিষ্ট ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগি, গীতিকবি শহিদুল্লাহ ফরায়জীসহ দেশের প্রথিতযশা কবিগণ। এছাড়াও এই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক, মুক্তচিন্তার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করবেন।