কোলকাতা, ভারত প্রতিনিধি: কোলকাতায় দুই বাংলার নামকরা কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ফাল্গুনী আড্ডা হয়ে গেলো ৩ মার্চ ২০২৩, শুক্রবার। আড্ডায় দুই বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা বিষয় নিয়ে তারা মেতেছিলেন হৃদ্য আলোচনায়। এতে উপস্থিত ছিলেন টালিউডেরপ্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুজিত চক্রবর্তী, বাচিক শিল্পী মৌমিতা সরকার, রবীন্দ্র সংগীত শিল্পী ইতিকা ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী ও শিক্ষিকা মৌসুমী দাস, সঙ্গীতশিল্পী শ্যামল সরকার ও বাংলাদেশের আবৃত্তিশিল্পী ও টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ। আলোচনার এক ফাঁকে কোলকাতার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে প্রবাস মেলা পত্রিকার সৌজন্য কপি তুলে দেয়া হয়।
উল্লেখ্য, সুজিত চক্রবর্তী টালিউডের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। তার পরিচালনায় নির্মিত ছবির মধ্যে বালিকা বধূ ও হুলুস্থুল অন্যতম যা আজও মানুষের মনে ব্যাপক সাড়া দিয়ে যায়। এছাড়া তিনি ম্যাজিক এ পারদর্শী। সমাজ সেবামূলক কাজ, বিশেষ করে পরিবেশ রক্ষার সাথে উনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন।
মৌমিতা সরকার একজন বাচিক শিল্পী। অনুষ্ঠান সঞ্চালনায়ও তিনি সিদ্ধহস্ত। এছাড়া ডকুমেন্টারি সিনেমায় নিয়মিত অভিনয় করেন।
ইতিকা ভট্টাচার্য এজন রবীন্দ্র সংগীত শিল্পী। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সঙ্গীতে তার গুরু সুচিত্রা মিত্র, মায়া সেন প্রমুখ।
মৌসুমী দাস পেশায় স্কুল শিক্ষিকা। নেশা গান। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরে ছাত্রী তিনি। ক্লাসিক্যাল গানের তালিম নিয়েছেন শ্রীমতী দিপালী নাগের কাছে। তারপর বহু মানুষের কাছে লোকগীতি চর্চা করেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রলহাদ ব্রহ্মচারী, বুদ্ধদেব রায়, বিষ্ণুপদ দাশ। সেই সময় থেকে আজ অবধি রঞ্জিত চক্রবর্তীর ছাত্রী। বর্তমানে জয়ন্ত বর্মণের কাছে ভাওয়াইয়ার বিশেষ তালিম নিচ্ছেন তিনি।
শ্যামল সরকার অবসরপ্রাপ্ত কর্মকর্তা। গান বাজনার সমঝদার। ‘মোহনীয়ার’ একজন বিশেষ শুভাকাঙ্খী।