রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানের কৃষিমন্ত্রী জনাব খালিদ হুনেইফাতের সাথে দেখা করেছেন। সৌজন্য সাক্ষাতকালে তারা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
মান্যবর রাষ্ট্রদূত বলেন, জর্ডানের অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশি কর্মজীবীর অংশগ্রহণে বাংলাদেশ গর্বিত। বর্তমানে জর্ডানের পোশাকখাতে কর্মরত বিপুলসংখ্যক দক্ষ শ্রমিকদের সাথে বাংলাদেশ জর্ডানের কৃষিক্ষেত্রেও অংশগ্রহণে আগ্রহী। তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সবুজায়নে এবং কৃষিকাজে বাংলাদেশি শ্রমিকরা অপরিসীম দক্ষতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির বৃহৎ একটি অংশ এখনও কৃষিনির্ভর। স্বভাবজাতঃভাবেই বাংলাদেশিরা কৃষিকাজে পারদর্শী। বাংলাদেশের কৃষিকাজের অভিজ্ঞতার কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশেই বাংলাদেশি কৃষিশ্রমিকের চাহিদা রয়েছে। জর্ডান সরকার তার দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশি কৃষিশ্রমিকদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করতে পারে। কৃষিমন্ত্রী জনাব খালিদ হুনেইফাত বলেন, জর্ডানের কৃষি উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে। মান্যবর রাষ্ট্রদূত জর্ডানের সাথে পূর্বে সম্পাদিত কৃষি বিষয়ক চুক্তিটি নবায়নের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা ব্যক্ত করেন এবং এই বিষয়ে জর্ডানের উত্থাপিত বিভিন্ন বিষয়গুলো এইবছর অনুষ্ঠিতব্য সম্ভাব্য ফরেন অফিস কন্সাল্টেসানে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ইত্যাদিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের হিসাবে ‘রোল মডেল’ বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পোশাক রপ্তানিখাত বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশ এখন খাদ্য ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০১০ সাল থেকে ৮ মিলিয়ন মানুষকে দারিদ্র্যের বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। বাংলাদেশের কৃষি সফলতার কারণে কোভিডকালীন সময়েও বাংলাদেশ ৫.২০ জিডিপি অর্জনে সক্ষম হয়েছে।
জর্ডানের কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী জনাব খালিদ হুনেইফাত রাষ্ট্রদূতের সাথে একমত পোষণ করে বলেন, জর্ডানের কৃষি উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে জর্ডান সরকার পর্যালোচনা করবে। তিনি আরও বলেন, জর্ডান ও বাংলাদেশের মধ্যে কৃষি অভিজ্ঞতা বিনিময় দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।