জালাল উদ্দিন, কুয়েত থেকে: মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সাংসদ সদস্য (লক্ষ্মীপুর-২) মোহাম্মাদ শহীদ ইসলাম পাপুলকে আরো এক মাস কারাগার রাখার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ৫ বার পাপুলের আটকাদেশ বাড়ানো হয়েছে।
কুয়েতের আরবি দৈনিক আল কাবাস জানিয়েছে, রোববার সকালে কুয়েতের সুপ্রিম কোর্টে আটকাদেশ পুনর্বিবেচনা বিষয়ক বিচারকের চেম্বারে হাজির করা হলে বিচারক তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
৭ জুন ২০২০ মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সাংসদ পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে কিভাবে বাংলাদেশের ওই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারাও সহায়তা করেছে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে।
এদিকে পাপুল এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ব্যাংকে জমাকৃত অর্থ ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন কুয়েতের পাবলিক প্রসিকিউটর।