প্রবাস মেলা ডেস্ক: কুলাউড়া প্রেসক্লাবের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আব্দুর রব ভূট্টো। লন্ডন বাংলা চ্যানেলের সাবেক সম্পাদক এবং সাপ্তাহিক ‘সুরমা’ পত্রিকার বিশেষ প্রতিনিধি ভূট্টো দীর্ঘ ১৪ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে রোববার (২৯ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে ভূট্টো উল্লেখ করেছেন, কুলাউড়া প্রেসক্লাবের নেতৃত্বে বিগত ১৫ বছর ধরে চলা অনিয়ম ও ফ্যাসিবাদী আচরণ তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি অভিযোগ করেছেন, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ক্ষমতার মেয়াদ বারবার বাড়িয়ে দিয়েছেন।
তিনি আরও দাবি করেছেন, কিছু সুবিধাবাদী রাজনীতিবিদের প্রভাবের কারণে প্রেসক্লাবটি রাজনীতিমুক্ত হতে পারেনি এবং আওয়ামী দোসরদের প্রভাব থেকে মুক্ত নয়। ভূট্টো কুলাউড়া উপজেলা প্রশাসনকে আহ্বান জানিয়েছেন, যেন ‘ফ্যাসিবাদের দোসরদের’ কোনো সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হয় এবং তাদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া বন্ধ করা হয়।
এছাড়া, তিনি প্রশাসন এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতি কুলাউড়া প্রেসক্লাবের দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।