মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: কাতালোনীয়ার সান্তা কলমা আওয়ামী লীগ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। ১৬ আগস্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় কাতালোনীয়ার সান্তা কলমার স্থানীয় একটি হলরোমে আয়োজন করে সান্তা কলমা আওয়ামীলীগ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কন্স্যুলার সিনিয়র রামন পেদ্রো।
সান্তা কলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সান্তা কলমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম ও মো নীরু মিয়া যৌতভাবে। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি কাজী আমির হোসেন আমু, কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা কামরুল মোহাম্মদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মো:মাসুদ, মোঃ হাসান, মিজানুর রহমান, বিপ্লব ভৌমিক সহ অন্যানরা।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল নিহত শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, যে নেতা একটি স্বাধীন ভূখন্ড দিয়েছেন, সে নেতাকে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে ধমিয়ে রাখতে চেয়েছিল ৭১ এর পরাজিত শক্তিরা । সেই ৭১ ও ৭৫ এর সহোদররা, উত্তরসূরীরা এখনো বাংলাদেশে আছে আর এই অপশক্তি সবসময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা কখনো বাংলাদেশের উন্নয়ন
চায়না ।
বক্তারা বলেন, আজকের দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। প্রবাস থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
সান্তা কলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফিক তার সমাপনী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে পারি- সেই প্রত্যয় আমাদের নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসে আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠন একই পরিবারের হয়ে কাজ করে যেতে হবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদেরকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ আবুল হোসেন।