প্রবাস মেলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্টি হয়েছে বৈশ্বিক মানবিক সংকট। আর এই মানবিক সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে ঢাকায় কুষ্টিয়াবাসীর প্রাণের সংগঠন কুষ্টিয়া জেলা সমিতি। তারই অংশ হিসেবে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুষ্টিয়ার সাত থানার ৭ হাজার ৩০০ মানুষকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ মে, ২০২০ মঙ্গলবার সকালে জেলার দিশা অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির মহাসচিব মো. রবিউল ইসলাম। ঐ দিন কুমারখালী ও খোকসা থানায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। কুষ্টিয়া জেলা সমিতির ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে আগামী ২৩ মে পর্যন্ত জেলার ৭ টি থানার সকল পৌরসভা ও ইউনিয়নে সর্বমোট ৭৩০০ ব্যাগ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।সমিতির সদস্যদের নিজস্ব তত্ত্বাবধায়নে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সমিতি কর্তৃপক্ষ।

এই বিতরণ কার্যক্রমের প্রথম দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলার এক হাজার মানুষকে ঈদ উপহার দেওয়া হয়। ১৯ মে, ২০২০ মঙ্গলবার বেলা ১১ টায় এ উপজেলার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। তাই এই সংকট মোকাবিলা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই মানুষের খাদ্য সংকট দূর করতে নানাভাবে কাজ করে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রীর পাশাপাশি যদি এরকম সংগঠনও এগিয়ে আসে তাহলে হয়তো বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিবে না। এ সময় তিনি কুষ্টিয়া জেলা সমিতির কার্যক্রমকে সাধুবাদ জানান।

প্রসঙ্গত, এই কর্মসূচির বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য কুষ্টিয়া জেলা সমিতির ৯ সদস্যকে নিয়ে একটি কমিটি করা হয়।কমিটির সদস্যরা হলেন- কুষ্টিয়া জেলা সমিতির সহসভাপতি ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার উপদেষ্টা নাজমুস সালেহীন, কুষ্টিয়া জেলা সমিতির অর্থসচিব ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার সভাপতি সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম মহাসচিব ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার মহাসচিব মো. রবিউল আলম বাবুল, কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম কৃষি সচিব ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার অর্থসচিব মো. আনোয়ার হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- কুষ্টিয়া জেলা সমিতির সদস্য ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার সহসভাপতি রেজাউল করিম অরণ্য, কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সোমা, কুষ্টিয়া জেলা সমিতি ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার নির্বাহী সদস্য অ্যাড. রেজাউল ইসলাম, কুষ্টিয়া জেলা সমিতির সদস্য ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও কুষ্টিয়া জেলা সমিতির সদস্য ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার দপ্তর সচিব ফারুক আহমেদ। ১৯ মে, ২০২০ সকালেই পৌরসভা ও ইউনিয়ন প্রতিনিধিদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও আফজাল হোসেন রাজুসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতির অর্থসচিব সিরাজুল ইসলাম ও যুগ্ম মহাসচিব রবিউল আলম বাবুলসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটির নিরলস শ্রম ও দিক নির্দেশনায় জেলা সমিতির নেতৃবৃন্দ ছাড়াও শ্রম দিয়েছেন খোকসা উপজেলা কল্যাণ সমিতির সদস্যরাও। আর খোকসার উপজেলার বিতরণ কার্যক্রম সফল করার জন্য কুষ্টিয়া জেলা সমিতির মহাসচিব রবিউল ইসলাম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংবাদ সূত্র: দৈনিক আধিকার নিউজ