প্রবাস মেলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা তুষার খান। ২৩ জানুয়ারি ২০২২, সোমবার দুপুরে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বর্তমানে তুষার খান গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ প্রসঙ্গে সময় সংবাদকে অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, তিন চার দিন আগে ফেসবুকে তুষার ভাই, ‘সময় ফুরিয়ে আসছে’ বলে একটি পোস্ট করেন যা আমারে নজরে আসে। তুষার ভাইয়ের পরিবারের সবাই দেশের বাইরে থাকে। আমি উনার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, কিছুটা অসুস্থ। তবে কোভিড পরীক্ষা করেননি।
তিনি আরও বলেন, পরে মিনু ভাইয়ের সাথে যোগাযোগ করে তুষার ভাইয়ের বাসাতেই আমরা করোনা টেস্টের ব্যবস্থা করাই। আজ উনার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুটা শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
মঞ্চ, সিনেমা এবং নাটক তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা তুষার খান। ১৯৮২ সালে নাট্যদল ‘আরণ্যক’র সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। দলের প্রায় সবগুলো নাটকে অভিনয় করেছেন তিনি।
নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘অববাহিকা’ ইত্যাদি। শাহ আলম দুলাল পরিচালিত ‘খেলা খেলা’ নাটকের বিভিন্ন মঞ্চায়নে এই নাটকের পাঁচটি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। টিভি নাটকে তুষার প্রথম অভিনয় করেন ড. ইনামুল হকের গল্প অবলম্বনে একটি নাটকে।
১৯৯২ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয়। টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকে অভিনয় করে। নাটকটি রচনা করেছিলেন মামুনুর রশীদ ও প্রযোজনা করেছিলেন আলাউদ্দিন আহমেদ। সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমায়। সিনেমায় সাড়া ফেলেন মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ’র সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে।
সালমান শাহ’র সঙ্গে পরবর্তীতে আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন তুষার। সালমান শাহ’র মৃত্যুতে তার সঙ্গে প্রায় বিশটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া কাজ বন্ধ হয়ে যায়। সিনেমা থেকে আবারো টিভি নাটকে ব্যস্ত হয়ে উঠেন তুষার। অভিনয়ের ক্ষেত্রে তুষারের পরিবারের কারোরই তেমন কোন সম্মতি ছিল না।
তুষারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর। ২৫ বৈশাখ জন্ম নেয়া তুষার খানের আসল নাম আশিকুল ইসলাম খান।