মাহবুবুর রহমান, ডেনমার্ক:
করোনার লজ্জা শরম কিছুই নাই
এক সময় তোমার একটা ভাব ছিল,
যৌবন ছিল-
মানুষ তোমাকে যমের মতো ভয় পেতো।
প্রতিটি মুহূর্ত মৃত্যুভয়ে—
কেবলি হাঁপিয়ে পড়েছিল মানবসভ্যতা।
অদৃশ্য এক অসুখের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছিল নীরব নিকুঞ্জ।
সবার জীবনে নেমেছিল এক চিরস্তব্ধতা।
পৃথিবীর মানুষগুলির হাসি হয়েছিলো কান্নার সমুদ্র।
চারদিকে থমথমে পরিবেশ ও লাশের মিছিলে,
আমরা অবাক-অতিষ্ঠ হয়েছিলাম।
করোনা তুমি অনেক মানুষের স্বপ্ন ভেঙ্গে পরিবারকে করেছো নিঃশেষ,
মানুষকে বানিয়েছো তোমার হাতে খেলনা।
তোমার তান্ডবে এক একটা লাশের মিছিলে আকাশ বাতাস কেঁপে উঠেছিল।
প্রথমবার যখন তুমি আমার গলা ও নাকের মধ্যে ঢুকে বাসা বাঁধলে,
হৃদপিন্ডের স্কার্ভিতে বিপন্ন আঁধার আমাকে বিষন্ন করে তুলেছিলে।
তখন আমি আত্মরক্ষার জন্য কত রসুন, আদা ও লেবুর রসই না খেয়েছিলাম।
তোমার ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছিলাম।
তুমি আমার শরীর থেকে চলে যাবার পর,
আমি মৃত্যু ভয় থেকে সরে গিয়ে কখন নামাজটা ছেড়ে দিলাম বুঝতেই পারি নাই।
আবার তুমি লজ্জাহীন ভাবে এসেছো, আমার শরীরে এবং বাসাও বেঁধেছো।
এবার আমার মনে হচ্ছে তোমার যৌবন ফুরিয়ে এসেছে।
অন্যদিকে ভ্যাকসিন আমার শরীরে।
করোনা-ভ্যাকসিন যুদ্ধে তুমি নিশ্চিত পরাজয়ের পথে।
কারণ এবার আমার মনোবল ভীষণ চাঙ্গা এবং আগের মতো দূর্বল না।
তাই আমি এখনও আগের মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি নাই।
করোনা তুমি চলে যাও-
মানুষকে মুক্ত বাতাসে বিহঙ্গ মিলে নিঃশ্বাস নিতে দাও?
আমরা জানি পরাজিত সৈনিকের মতো লজ্জা নিয়ে একদিন তুমি চলে যাবে।
তবে রয়ে যাবে তোমার ভয়ে
হাঁচি-কাশি শিষ্টাচার ও হাত ধোয়ার অভ্যাস।
কিন্ত মানুষের মনের ময়লা ও হিংসা কিংবা ইউক্রেন নিয়ে টানাপড়ন কি কখনও শেষ হবে?