হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় ৮ হতে ১১ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত চারদিনব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (Walk-in) প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশি/বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সদস্যকে টিকা দেয়া হয়।

স্বেচ্ছায় টিকাদান কর্মসূচিটি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্ ও কমিউনিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কমিউনিটির জন্য প্রদত্ত বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কনসাল জেনারেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউইয়র্কের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল।

কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা-কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবে।