প্রবাস মেলা ডেস্ক: আজ ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের শুভ জন্মদিন। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই সমান জনপ্রিয়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামে। বাবার নাম গিয়াসুদ্দিন খান এবং মায়ের নাম আনোয়ারা বেগম।
বহুবিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে কেটেছে তাঁর জীবনের উল্লেখযোগ্য সময়। লেখালেখি, সাংবাদিকতা, প্রবাস জীবনের দুঃসহ যাতনা, ব্যবসায় ধরা খেয়ে সর্বস্বান্ত হয়ে পড়া – সবকিছুর পরও লেখালেখিকে বেছে নিয়েছেন জীবনের ব্রত হিসেবে। বাংলাদেশে একমাত্র ইমদাদুল হক মিলনই এই দুঃসাহস দেখাতে পেরেছিলেন যে, লেখালেখি করে সংসার চালানো যায়, বেঁচে থাকা যায়, নিজের অবস্থানকে শক্তপোক্ত করা যায়। মিলনের আগে এ ধরনের দুঃসাহস আর কোনো লেখক দেখাতে পারেননি। এক্ষেত্রে তিনি সম্পূর্ণ সফল। শুধু তা-ই নয় লেখালেখি করে যে তারকা খ্যাতি অর্জন করা যায়, যশ প্রতিপত্তি আদায় করা যায়; তারও উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
উল্লেখ্য, ইমদাদুল হক মিলন কিশোর বাংলা নামে একটি পত্রিকায় শিশুতোষ গল্প লিখে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। ১৯৭৭ সালে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় ‘সজনী’ নামে একটি ছোট গল্প লিখে প্রথম পাঠকের দৃষ্টি আর্কষণ করতে শুরু করেন মিলন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে নুরজাহান, যাবজ্জীবন, কাঁদছো কেন রাজকন্যা, শ্রাবণ জ্যোৎস্নায়, যাও, সে, পরাধীনতা, একাত্তর ও একজন মা, নেতা যে রাতে নিহত হলেন, সোনালী বিকেলগুলো, কোন কাননের ফুল, রূপনগর ইত্যাদি ।
তিনি ১৯৭২ সালে পুরান ঢাকার কাজীর পাগলা হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক (সম্মান) সম্পূর্ণ করেন তিনি।
ইমদাদুল হক মিলন বর্তমানে বহুল প্রচারিত দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এপার ও ওপার দুই বাংলাতেই লেখক হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। তার লেখা ‘নূরজাহান’ উপন্যাসটি দুই বাংলাতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার জন্মদিনে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রবাস মেলা’র উপদেষ্টা মামুন ইমতিয়াজ উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।