রফিকুল ইসলাম, চট্টগ্রাম: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরবরাহের জন্য বেসরকারি সংস্থা শেড-এর কার্যালয়ে মজুদ করে রাখা দুই হাজারের বেশি দা-ছুরিসহ কয়েক হাজার সামগ্রী জব্দ করেছে প্রশাসন। এনজিও কর্মকর্তারা মজুদের নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে গোপন খবরের ভিত্তিতে উপজেলার মালভিটা এলাকায় শেড-এর কার্যালয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে, ১৭০০ রাম দা, ৪০০ ছোরা, ১১০০ হাতুড়ি, ১২০০ হাতকরাত, ১২০০ তার কাটার প্লাস, ২২০০ বেলচা, রশি, ইত্যাদি।
সংস্থাটির লোকজন জানিয়েছেন, এগুলো তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর অর্থায়নে রোহিঙ্গাদের মধ্যে সরবরাহের জন্য মজুদ করেছিলেন।‘ এগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী শিবিরে এগুলো বিতরণের অনুমোদন রয়েছে কিনা তার অনুকূলে নথিপত্র দেখাতে সংস্থাটির সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’