সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আদর্শ তরুণ সংস্থার ৪৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে ২০০ শীতার্ত-অসহায় নারী-পুরুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘আদর্শ তরুণ সংস্থা’ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। যার রেজিঃ নং-চি-৬৩৮/১৯৭৭।
২৬ ডিসেম্বর ২০২০, শনিবার বিকালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: ফরিদুল আলম।
আদর্শ তরুণ সংস্থার কার্যকরী পরিষদ সভাপতি আলহাজ্ব ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: ফরিদুল আলম বলেছেন- মানুষ সৃষ্টি সেরা জীব, এজন্য মানুষের কল্যাণে মানুষকেই বেশী ভূমিকা রাখতে হবে। ‘আদর্শ তরুণ সংস্থা’ কক্সবাজার জেলার একটি আলোকিত সংগঠন। এ সংগঠনের কর্মকান্ড দেশ ও জনবান্ধব। নবীণ-প্রবীণের অংশগ্রহণে এ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারিভাবে সহযোগিতা দেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সফি উদ্দীন ও সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারি (অবঃ) আলহাজ্ব মো: জহিরুল আলম। সংগঠনের কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আলহাজ্ব খোরশেদ আলম আনসারী।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক মাস্টার মো: আব্দুল জব্বার। এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাডভোকেট মনিরুজ্জামান, নুরুল আমিন শমসের, জাকের হোছাইন কোম্পানি, নুরুচ্ছফা হেলালি, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম, আজিজুল হক, দুদু মিয়া মেম্বার প্রমূখ।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে বেলা ১১টায় সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বার্ষিক সাধারণ সভা (এজিএম), বার্ষিক প্রতিবেদন পেশ এবং সাধারণ সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে সংগঠনের কার্যকরী পরিষদ ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।