প্রবাস মেলা ডেস্ক: এবার স্পেনের মাদ্রিদে একজনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। মাদ্রিদের গ্রেগরিও মারানিয়ন হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, ওমিক্রণে আক্রান্ত ৫১ বছর বয়সী ওই ব্যক্তি ২৮ নভেম্বর ২০২১, রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে স্পেনে আসেন। গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে স্পেনে যান ৫১ বছর বয়সী এক ব্যক্তি। মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছার পর করোনার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়।
পরে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, দক্ষিণ আফ্রিকা ফেরত ওই ব্যক্তি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আকান্ত। তাকে কোয়ারেন্টাইনে রাখা হলেও বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি স্পেনেও করোনার নতুন ধরণ শনাক্ত হওয়ায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এ ভ্যারিয়েন্ট এরইমধ্যে বেলজিয়াম, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েক দেশে ছড়িয়ে পড়েছে। মহামারির শুরুর পর থেকে স্পেনে করোনা পরিস্থিতি ছিল ভয়াবহ। দেশটিতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৮৮ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন সরকার।