প্রবাস মেলা ডেস্ক: ‘অঞ্জনা’ মনির খানের শ্রোতাপ্রিয় একটি গান। একে গায়কের ট্রেডমার্কও বলা যায়। কেননা, মনির খানের অধিকাংশ অ্যালবামে অঞ্জনার কথা ঘুরে ফিরে এসেছে। এই শিরোনামে তিনি একাধিক গান গেয়েছেন। ফলে অঞ্জনাকে নিয়ে ভক্তদের রয়েছে বাড়তি কৌতূহল। নতুন বছরের প্রথম দিনই অঞ্জনাকে নিয়ে গাওয়া দুটি গান একসঙ্গে প্রকাশ করেছেন মনির খান।
‘দুঃখ দিয়ে অনেক দুঃখ থাকতি যদি সুখে/কেঁদে কেঁদেও এক ধরনের শান্তি পেতাম বুকে/দুই নায়ে পা রাখিয়া তোর জুটলো নারে কূল/ও তোর জীবন খাতার প্রতি পাতায় লতায় পাতায় ভুল/অঞ্জনা ও অঞ্জনা…’ এমনই কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার। এটি প্রকাশ করা হয়েছে শিল্পীর ‘এমকে মিউজিক ২৪’ চ্যানেলে।
অন্যদিকে ‘আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে মিথ্যে প্রেমের আগুনে/তোমার জীবন ঝলোমলো ভাসছো সুখের ফাগুনে/আমি মরে মরে বাঁচি প্রতিদিন/আমি বেঁচে বেঁচে মরি প্রতিদিন/আমি কেমন আছি তুমি বিহীন খবর রাখো না/আর কতকাল সইবো আমি নরক যন্ত্রণা/অঞ্জনা ও অঞ্জনা…’ এমনই কথায় গানটি লিখেছেন প্লাবন কোরেশী। এটি সুর করেছেন গীতিকার প্লাবন ও শিল্পী মনির খান এবং প্রকাশ করা হয়েছে শিল্পীর ‘মনির খান’ চ্যানেলে।
১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ শিরোনামের একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন মনির খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ সময় নিয়ে সংগীতের পেছনে পরিশ্রম ও জাদুকর কণ্ঠের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে ঠাঁই করে নেন মনির খান। এরপর শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে ধারাবাহিকভাবে গান করেছেন। শ্রোতাদের হৃদয়ের আবেগ-অনুভূতি আর হৃদয়ের কথা এ শিল্পীর গানের কথায় ফুটে উঠে। সেই সঙ্গে ‘অঞ্জনা’ শিরোনামে গানের জন্যও দেশ-বিদেশে বাঙালিদের কাছে জনপ্রিয়তা রয়েছে তার।
মনির খানের এ পর্যন্ত ৪৩টি একক অ্যালবাম এবং তিনশতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে। পাশাপাশি চারশটিরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। রয়েছে কয়েকশতাধিক একক মিউজিক ভিডিও। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০০ গানের একটি প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী প্রজেক্টের কাজ অনেকটাই শেষ দিকে।
বাঙালির প্রাণের এ সংগীত শিল্পী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ ও দেশের বাইরে থেকে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। ব্যক্তি জীবনে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে সুখের সংসার এ শিল্পীর।