প্রবাস মেলা ডেস্ক: বিদেশে প্রথম বাংলাদেশ মিশন হিসেবে গ্রীসে ই-পাসপোর্ট পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির বার্লিনের সঙ্গে গ্রিসের এথেন্সেও চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এথেন্সে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করবেন। এরই মধ্যে দূতাবাসে যন্ত্রপাতি স্থাপনসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ জানিয়েছেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পর গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নির্ধারিত ফি দিয়ে ই-পাসপোর্ট নিতে পারবেন।
তিনি আরও জানিয়েছেন ই-পাসপোর্টের একটি মোবাইল ইউনিট দূতাবাসে পৌঁছেছে। ফলে গ্রিসের দূরবর্তী দ্বীপাঞ্চল, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এথেন্সে না এসেই সেসব জায়গায় দূতাবাসের কন্স্যুলার ক্যাম্পে ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।