আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে মুন্দিয়ালিদো (MUNDIALIDO) মিনি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবছরও অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ যুবক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশসহ এতে অংশগ্রহণ করবে বিশ্বের ২৪টি দেশ। ২৮ মে ২০২৩ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইতালিতে বসবাতরত বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে গঠিত ফুটবল দলের সমন্বয়ে অনুষ্ঠিত মিনি বিশ্বকাপ বা মুন্দিয়ালিদো (MUNDIALIDO)।
বাংলাদেশ যুবক্রীড়া সংস্থার পক্ষে ৯ মে ২০২৩, মঙ্গলবার ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: শামীম আহসানকে দলের জার্সি উপহার দেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ রব মিন্টু ও সভাপতি বায়েজিদ আলি।

এসময়ে এক সংক্ষিপ্ত আলোচনায় শামীম আহসান বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থাকে সার্বিক সহযোগিতা ও সাথে থাকার আশ্বাস দেন। তিনি আরো বলেন, একটি সুষ্ঠ সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোন বিকল্প নেই। আমি আশা করি মুন্দিয়ালিদো (MUNDIALIDO) তে অংশগ্রহণের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশী খেলোয়াড়’রা দেশের মুখ উজ্জল করবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান জসিম উদ্দিন, সচিব আসিফ আনাম সিদ্দিক ও ব্রাহ্মণবাড়িয়া সমিতির প্রধান উপদেশটা নজরুল ইসলাম বাবু। ২৪ মে ২০২৩ লটারীর মাধ্যমে গ্রুপ পর্যায়ে দলের অবস্থান ও খেলার তারিখ ঘোষণা করা হবে।