হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ইকোসকের নির্বাচনে বাংলাদেশ সর্বোচ্চ ভোটে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস এর নির্বাহি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট ২০২১-২০২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়। নির্বাচনটিতে একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। ১ জানুয়ারি ২০২১ হতে নব-নির্বাচিত এই নির্বাহি বোর্ড কাজ শুরু করবে। ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন ১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার জাতিসংঘ সদরদপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহি বোর্ডসমূহের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহি:প্রকাশ।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেন এর নির্বাহি বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।