মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ৯টা ০১ মিনিটে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের কোরআন তেলোয়াত করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম।
এ সময় রাষ্ট্রদূত ড. ইমরান বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর সব স্বপ্ন এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বর্তমান প্রবৃদ্ধির হার ৮.১৩ যেটি অনেক দেশের জন্য স্বপ্ন এবং দেশ উন্নয়নের রোল মডেল হিসাবে এগিয়ে যাচ্ছে । আর দেশ এগিয়ে যাওয়ার মূল হাতিয়ার হলো প্রবাসী বাংলাদেশীরা। তাই প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান রাষ্ট্রদূত ।
রাষ্ট্রদূত বলেন, “আপনাদের জন্য সবসময়ই দূতাবাস খোলা থাকবে এবং যে কোন মুহূর্তে কিছু পরামর্শের জন্য আমাদের কর্মরত কর্মচারীদের সাথে যোগাযোগ রাখার জন্য।আমিরাতে বর্তমান প্রায় সাত লাখেরও অধিক বাংলাদেশী প্রবাসী আছেন তারা সব সময় যেকোনো কাজে পরামর্শের জন্য আমাদের উর্দ্ধতন কর্মকর্তা আছেন তাদের সাথে যোগাযোগ রেখে এদেশের আইন কানুন মেনে চলে সব সময় দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাবেন।”
আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. ইমরান এর সভাপতিত্বে ও প্রথম সচিব রেয়াজুল হকের পরিচালনায় সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া, প্রথম সচিব মুহাম্মদ রেয়াজুল হক ও প্রথম সচিব মুহাম্মদ জুবায়েদ হোসেন এসব বানী পাঠ করেন। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শেখ যায়েদ ইউনিভার্সিটির প্রফেসর হাবীবুল হক খন্দকার, জনতা ব্যাংক ইউএই র সিইও মুহাম্মদ আমিরুল হাসান, ইমরাদ হোসেন ইমু, নাছির তালুকদার, আশিষ কুমার বড়ুয়া, উত্তম হাওলাদার, বশির ভূইয়া, গোলাম কাদের ইফতি, মুহাম্মদ রফিকুল আলম, মুহাম্মদ জাকের হোসেন জসিম, আইয়ুব খান সহ আমিরাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, সাংবাদিক মুহাম্মদ আবদুল মন্নান ও সাংবাদিক নিমাই সরকার।
নতুন প্রজন্মকে ইতিহাস জানানোর জন্য নতুন নতুন মুজিব আদর্শের বইয়ের বিতরণ করা হয় সবশেষে জাতিরজনক বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন রেজাউল আলম।