মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এর আল হাবতুর প্যালেসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে আমিরাতের মানব সম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়র এর এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজারটি বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী দুবাইয়ের ধারাবাহিকতায় অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ আমিরাতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এর প্রেক্ষিতে আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার পর্যায়ক্রমে সকল প্রদেশের কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন।
বৈঠকে মন্ত্রীর সাথে এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো: আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।