এ. এস. রানা, চট্টগ্রাম: শখের বসে লটারি কিনেছিলেন শিপক। ভাগ্যবশত সেই লটারিতেই স্বপ্ন ধরা দিল হাতের মুঠোয়! ভাগ্যে ধরা দিল ব্র্যান্ড নিউ ‘ল্যান্ড রোভার ডিসকভারি সিরিজ ১৬’ লাক্সারিয়াস গাড়ি। আরব আমিরাতে যার মূল্য প্রায় ৫০ লাখ দিরহাম আর বাংলাদেশি টাকায় দুই কোটি টাকার ওপরে।
সেই ভাগ্যবান ব্যাক্তি চট্টগ্রামের ছেলে শিপক বড়ুয়া। চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্তালা গ্রামের কে বি বড়ুয়ার ছেলে তিনি। বিদেশ গমনের পর থেকে ৭ বছর ধরে আছেন সংযুক্ত আরব আমিরাতে। কাজ করেন রাজধানী আবুধাবির ইম্পেরিয়াল কলেজ অব ডায়াবেটিস সেন্টারে।
আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি বিপণীতে ‘বিগ টিকেট’ নামে একটি টিকেট কিনেন, সেই লটারিতে ‘ল্যান্ড রোভার সিরিজ ১৬’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন শিপক। তার টিকেটটি জিতে নেয় ২০১৯ মডেলের ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি।
খুশিতে আপ্লুত হয়ে সকল আবুধাবি প্রবাসীরা লটারিজয়ী শিপককে সংবর্ধনা জানান ও সৌজন্য সাক্ষাত করেন।

জানা যায়, প্রতি মাসেই একবার অনুষ্ঠিত হয় মাল্টিমিলিয়ন দিরহাম পুরস্কারের এ র্যাফেল ড্র। ৫০০ দিরহামের বিগ টিকেটে প্রথম পুরস্কার ২৮ থেকে ৩৫ কোটি টাকা। এছাড়া আছে ১৫০ দিরহামের টিকেটে লেটেস্ট মডেলের লাক্সারি ল্যান্ড রোভার কিংবা বিএমডব্লু গাড়ি জেতার সম্ভাবনা।
এদিকে শিপকের এ জয়ে স্থানীয় একটি হোটেলে আবুধাবি প্রবাসীরা তাকে সংবর্ধনা জানান। সেই সাথে সবাই মিলে আনন্দ খুশিতে কাটান কিছু সময়।
এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই-এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিমান বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক নিদান বড়ুয়া, এম এ মোতালেব, সুলতানুল আলম, ইমরাদ হোসেন ইমু, জামশেদ আলম, বেলায়েত হোসেন হিরো, সমীরণ বড়ুয়া ও আকতার হোসেন।