প্রবাস মেলা ডেস্ক: জীবন মানেই সুখ-দুঃখের মিল মিশ। তাই প্রতিদিন ভালো কাটবে অথবা প্রতিটা সময় খারাপ যাবে এমনটা আশা করা বড্ড ভুল। কিন্তু ভালো সময় আনন্দ না বাড়ালে আর খারাপ সময়ে দুঃখের বোঝা না কমালে, কি আশা-নিরাশার এই পৃথিবীতে পথ চলা সহজ হতো? মোটেই না। তাই আনন্দ ও কষ্ট দুটো মুহূর্তেই আমাদের খুব করে প্রয়োজন হয় বন্ধুদের।

বন্ধু না থাকলে আমরা হারিয়ে যেতাম কোনো এক হতাশার জগতে। জীবনে থাকত না কোনো আনন্দ-উদ্বেগ। বর্তমানে আমরা অনেকটা যান্ত্রিক জীবনযাপন করে থাকি। সবসময় আবেগগুলো চেপে রাখতে রাখতে আমাদের মধ্যে আবেগ প্রায় হারিয়েই যেতে বসেছে। কিন্তু বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনও মনুষ্যসত্ত্বা বেঁচে আছে।

সবচেয়ে বড় কথা- বন্ধুদের কাছেই মন খুলে আবেগ প্রকাশ করা যায়। মন খোলা আবেগে এমনই এক সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলিত হয়েছিলেন ইট পাথরের এই শহরে। ২৪ অক্টোবর ২০২০, শনিবার ঢাকার হাতিরপুলস্থ প্রবাস মেলা কার্যালয়ে হিরম্ময় স্মৃতির আড্ডায় একত্রিত হয়েছিলেন। কখনো মৃদু ভাষণ, কখনো উচ্ছলতায় ভেসেছেন কিছু সময়। এর উদ্যোক্তা ছিলেন টিভি উপস্থাপক, আবৃত্তিকার মামুন ইমতিয়াজ।

আড্ডায় উপস্থিত ছিলেন- ফরিদ আহমেদ (বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উর্ধ্বতন কর্মকর্তা), মাসুক রেজা (বিশিষ্ট ব্যবসায়ী), মো: আকমল হোসেন (এলজিইডি’র হিসাব রক্ষণ কর্মকর্তা), মো: ইয়ার উদ্দিন (এলজিইডি’র হিসাব রক্ষণ কর্মকর্তা), মো: আবুল কালাম আজাদ (এজিএম, গ্রামীণ ব্যাংক, হেড অফিস), আজম খান (বিশিষ্ট ব্যবসায়ী), মো: মিজানুর রহমান মিজান (এলজিইডি’র হিসাব রক্ষণ কর্মকর্তা) ও সৈয়দ জাফর সাদেক (গীতিকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন)। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত তাদের আড্ডা চলে। পুরো সময় জুড়ে তারা সবাই স্কুল ও কলেজ জীবনের স্মৃতিময় সময়ের কথা নিয়ে আলাপনে মেতেছিলেন। আড্ডার এক ফাঁকে সৈয়দ জাফর সাদেক বন্ধুদের নিয়ে লেখা স্বরচিত কবিতা পড়ে শোনান। উপস্থিত সবাই এরকম আড্ডা আরো আয়োজন করার প্রস্তাব রাখেন। মামুন ইমতিয়াজ আড্ডায় উপস্থিত হওয়ার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানান।