প্রবাস মেলা ডেস্ক: বিশ্ব অপেক্ষা করে আছে চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২২ অনুষ্ঠানের জন্য। নির্দিষ্ট তারিখেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হচ্ছে অস্কার ২০২২ -এর মনোনীতদের নিয়ে অনুষ্ঠান। ব্ল্যাক-ইশ তারকা ট্রেসি এলিস রস এবং অভিনেতা-কমেডিয়ান লেসলি জর্ডানের উপস্থাপনায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে শুরু হওয়ার কথা অনুষ্ঠানটি।
এবারের অস্কারের আয়োজনে রয়েছে বাংলাদেশের সিনেমা ‘গোর’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হয়েছে ‘গোর’ সিনেমা। ইংরেজিতে ‘গোর’ সিনেমার নাম ‘দ্য গ্রেভ’। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক মুক্তির সুবাদেই অস্কারের সাধারণ ক্যাটাগরিতে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল ‘গোর’।
অস্কারের ফল প্রকাশ সম্পর্কে নির্মাতা গাজী রাকায়েত সময় নিউজকে বলেন, অপেক্ষা করছি আমাদের এই সিনেমা কোনো ক্যাটাগরিতে মনোনয়ন পেল কি না! আসলে এই অপেক্ষা অনেক আনন্দের। আমরা এটাকেই এক বড় অর্জন মনে করছি। কারণ এখন পর্যন্ত এমন অপেক্ষা আমরা আগে করিনি। এই যে অপেক্ষা আমাদের, সিনেমা মনোনীত হোক বা না হোক এমন অপেক্ষা আসুক বার বার। সেই সঙ্গে আরও মনে করি আমাদের যাত্রা সবে শুরু হলো। এই যাত্রা ভবিষ্যতে আমাদের এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও জানান, আমরা পুরো টিম লাইভে বসব ৭টার দিকে। আয়োজনটা দেখব। পাওয়া না পাওয়া কোনো বিষয় না। এই যে আমরা এক সঙ্গে বসব দেখব উপভোগ করব এটাই অনেক বড় পাওয়া।
‘গোর’ সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, এস এম মহসিন, শামীম তুষ্টি ও কাজী আনিসুল হক বরুণ।
সাধারণ বিভাগে সিনেমা জমা দিতে হলিউডের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিতে হয়। সেই পরিকল্পনা থেকেই গাজী রাকায়েত আমেরিকার হলে মুক্তি দিয়েছিলেন তার সিনেমা। সিনেমার ২১টি প্রদর্শনী হয়েছিল। এ কারণে এটা আমেরিকার অন্য সিনেমার মতোই সাধারণ বিভাগে পেয়েছিল মনোনয়ন।