প্রবাস মেলা ডেস্ক: মেকাপ ছাড়া পুরো একটি ছবিতে নতুনভাবে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে। অমিতাভ রেজার পরিচালনায় ‘রিকশা গার্ল’ ছবিতে রিকশা গ্যারেজের মালিক চরিত্রে দেখা যাবে তাকে।
এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গুণী অভিনেত্রী চম্পা বলেন, এ ধরনের গেটআপ নিয়ে আগে কোনো ছবিতে দর্শকরা আমাকে দেখেন নি। ভিন্নধর্মী এ চরিত্রটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।
শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে কাজ শুরু চম্পার। এ পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকের ভালোবাসা। চলচ্চিত্রের সংকটময় মুহূর্তে এসেও বর্তমানে বেশকিছু ছবিতে কাজ করছেন তিনি। এরইমধ্যে কয়েকটির শুটিংও শেষ করেছেন।
বাংলা চলচ্চিত্রের সিনিয়র অভিনয়শিল্পী চম্পা বলেন, বাস্তব জীবনে যে ধরনের সাজগোজ বা মেকাপ আমরা করি, অনেক সময় ফিল্মে তার চেয়েও বেশি দেখানো হয়। অবশ্য চরিত্রের প্রয়োজনে এটার দরকার হয়। তবে বাস্তবধর্মী চরিত্রে যখন কাজ করি তখন গেটআপ নিয়ে ভাবি। তখন অভিনয়ের জন্য ভাবনাটা অনেকটা হেল্প করে। চুল, মেকআপ, পোশাকে দর্শকরাও বাস্তবতা খুঁজে পান। এই যেমন ‘জ্যাম’ সিনেমায় ফকিরের গেটআপ নিয়ে চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করেছি। এই সিনেমাটিতে আমাকে অন্যরকম লুকে দেখবেন।
বর্তমানের সিনেমা কেমন হচ্ছে? দর্শক সিনেমা হলে কি আবার ফিরবে? এসব প্রশ্নের জবাবে চম্পা বলেন, দর্শকের চিন্তা-ভাবনা ও পছন্দে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের মধ্যে অনেকে ভালো কাজ করার চেষ্টা করছে। আগের পরিচালকরা অনেক ভালো কাজ উপহার দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। বর্তমানে অনেক নির্মাতা ভালো কাজ করার চেষ্টা করছেন। অনেকে দর্শকের প্রশংসা পাওয়ার মতো কাজও উপহার দিচ্ছেন। তবে দর্শকের কথা ও এই জেনারেশনের গল্প নিয়েও সুন্দর পারিবারিক সিনেমা হতে পারে। আগের নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে সৃষ্টির ক্ষুধা থাকতো। এখন মাঝে মাঝে কিছু কাজ করতে গিয়ে এই সৃষ্টির ক্ষুধার বিষয়টি কম দেখা যায় বলে তিনি জানান।